ডিএসইর শীর্ষ তালিকায় দলছুট কোম্পানি

 

ডিএসইর শীর্ষ তালিকায় দলছুট কোম্পানি

নিজস্ব প্রতিবেদক: সপ্তাহের চতুর্থ কার্যদিবস বুধবার (৯ মার্চ) ঢাকা স্টক এক্সচেঞ্জে (ডিএসই) লেনদেনের শীর্ষে উঠে আসা সবগুলো কোম্পানিরই দর বৃদ্ধি পেয়েছে। কেবল একটি কোম্পানি জোটের বাইরে থেকেছে। বড় উত্থানের দিনেও কোম্পানিটির শেয়ারদর আজ গ্রীনজোনে ফিরতে পারেনি। কোম্পানিটি হলো ব্র্যাক ব্যাংক লিমিটেড। ফলে আজ ডিএসইর শীর্ষ তালিকায় থাকা ১০ কোম্পানির মধ্যে কেবল ব্র্যাক ব্যাংকের দর কমেছে। বাকিগুলোর দর ছিল অনেক ঊর্ধ্বমুখী।

জানা গেছে, কোম্পানিটি আগামী ১৫ মার্চ সমাপ্ত অর্থবছরের জন্য ডিভিডেন্ড ঘোষণা করবে। ডিভিডেন্ডে হয়তো আশাবাদী হবে না, এমন আশঙ্কার মধ্যে রয়েছে বিনিয়োগকারীরা। যে কারণে কোম্পানিটির শেয়ারদর ধারাবাহিকভাবে পতনে কমেছে।

বাজার পর্যালোচনা করে দেখা গেছে, গত এক মাস যাবত কোম্পানিটির শেয়ার দরে পতন প্রবণতা চলছে। এক মাস আগে কোম্পানিটির দর ছিল ৫৭ টাকা। আজ সর্বশেষ লেনদেন হয়েছে ৪৮ টাকা ৪০ পয়সা। এই সময়ে দর কমেছে ৮ টাকা ৪০ পয়সা বা ১৫.০৮ শতাংশ।

কোম্পানিটির ডিভিডেন্ড ইতিহাস পর্যালোচনা করলে দেখা যায়, বিনিয়োগকারীদের কোম্পানিটি বরাবরই ভালো ডিভিডেন্ড দিয়ে আসছে। গত বছর ২০২০ সালে ব্র্যাক ব্যাংক ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ১০ শতাংশ ক্যাশ এবং ৫ শতাংশ স্টক। এর আগের বছরও (২০১৯) ১৫ শতাংশ ডিভিডেন্ড দিয়েছে। এর মধ্যে ৭.৫০ শতাংশ ক্যাশ এবং ৭.৫০ শতাংশ স্টক।

সমাপ্ত অর্থবছরের তিন প্রান্তিকে (জানুয়ারি-সেপ্টেম্বর ২০২১) কোম্পনিটির শেয়ার প্রতি আয় হয়েছে ২ টাকা ৮৭ পয়সা। যা আগের বছর একই সময়ে ছিল ১ টাকা ৯২ পয়সা। সর্বশেষ দর অনুযায়ী কোম্পানিটির পিই রেশিও অবস্থান করছে ১২.৬৫ পয়েন্টে।

শেয়ারনিউজ, ০৯ মার্চ ২০২২

Comments